ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচল শুরু

কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচল শুরু
×

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০০:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

একাত্তর দিন বন্ধ থাকার পর আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। কুড়িগ্রাম- ঢাকা রেলপথে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেনটি গত বছর ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ১৭ অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছিল। 

 করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্তে চলতি বছরের ২৪ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

এদিকে বৃহস্পতিবার সকাল ৭ টা ২০ মিনিটে ২ ইউনিট বিশিষ্ট ১৪টি কোচ সংবলিত ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে কাউনিয়া, বদরগঞ্জ, পার্বতীপুর, শান্তাহার ও মাধনগর স্টেশনে যাত্রা বিরতি করবে। এছাড়া জয়পুরহাট ও বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন জানান, টিকিটের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিটি টিকিট এসি সিট ১ হাজার ১৬৮ টাকা, স্নিগ্ধা ৯৭২ টাকা এবং শোভন শ্রেণি ৫১০ টাকা। ট্রেনটিতে বিভিন্ন শ্রেণির ৬৫৭ টি আসন রয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম থেকে যাত্রার জন্য ২২৫ আসন বরাদ্দ আছে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে অনলাইনে টিকিট বিক্রিসহ আসন সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সকালে যাত্রা শুরুর সময় কুড়িগ্রাম থেকে এসি সিটের ৬ জন, স্নিগ্ধার ১০ জন এবং শোভন শ্রেণির ৬৪ জনসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। 

তিনি বলেন, ট্রেনটি বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার সেখান থেকে রাত পৌনে ৯ টায় কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। বুধবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

প্লাটফর্মে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের উত্তাপ মাপা, মুখে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য স্বাস্হ্য বিধিসমূহ মেনে চলার বিষয়ে নিশ্চিত হওয়ার পর যাত্রীদের ট্রেনের কামরায় উঠানো হয়েছে বলেও জানান তিনি।


আরও পড়ুন

×