রাজাপুরে নদীতে পড়ে দু’দিন ধরে কলেজ ছাত্র নিখোঁজ
রাকিব হাওলাদার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০২:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঝালকাঠির রাজাপুরে বিষখালি নদীতে পড়ে রাকিব হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্র ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বুধবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার বিষখালি নদীর লঞ্চঘাটের পল্টুনে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাকিব হাওলাদার উপেজেলার পুখরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে । তিনি বরিশালের হাতেম আলী কলেজ থেকে অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মতিউর রহমান মতি জানান, বুধবার রাত সোয়া ৮ টার দিকে গরমের কারণে নদীতে নোঙর করা একটি বলগেটে উঠে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তারা কয়েকজন। এসময় হঠাৎ প্রচণ্ড ঢেউ এসে বালু ভর্তি বলগেটটি তলিয়ে যাওয়ার উপক্রম দেখা দেয়। এতে তাড়াহুড়ো করে বলগেট থেকে লাফিয়ে পল্টুনে উঠার সময় নদীতে পড়ে যায় রাকিব।
তিনি আরও জানান, ঢেউয়ের কারণে পল্টুনটি উঁচু হয়ে যায় এবং প্রচণ্ড বেগে দুলতে থাকে। এ কারণে লাফ দিয়ে পল্টুনে উঠতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে পানিতে পড়ে যায় রাকিব।
মতিউর রহমান মতি জানান, নদীতে পড়ে হাত জাগিয়ে বাঁচার আকুতি জানায় রাকিব। এ সময় তাদের সঙ্গে থাকা লোকজন রাকিবকে উদ্ধারের জন্য এগিয়ে যাওয়ার আগেই ঢেউয়ে পানির নিচে তলিয়ে যায় সে। পরে স্থানীয় জেলে, যুবক ও রাকিবের স্বজনরা রাতে ব্যাপক খোঁজাখুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
রাজাপুর থানার এসআই আব্দুর রউফ জানান, বুধবার রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান,সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কয়েক ঘণ্টা ধরে বিষখালি নদীর সম্ভাব্য কয়েক এলাকায় অভিযান চালালেও নিখোঁজ রাকিবের সন্ধান মেলেনি।