ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে খতিবের জানাজায় মানুষের ঢল

ঈশ্বরগঞ্জে খতিবের জানাজায় মানুষের ঢল
×

ঈশ্বরগঞ্জে খতিবের জানাজায় মানুষের ঢল নামে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৫:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মসজিদের খতিবের জানাজায় ৫ ধাপে অন্তত ১০ হাজার মানুষ অংশ নিয়েছে। সামাজিক দূরত্ব উপেক্ষা করে ও স্বাস্থ্য বিধি না মেনেই হাজার হাজার মানুষের ঢল নামে জানাজায়। পরে প্রশাসনের অনুরোধে নির্ধারিত সময়ের আগেই ৫ ধাপে জানাজা অনুষ্ঠিত করে দাফন সম্পন্ন হয়।

এর আগে বৃহস্পতিবার ভোরে আঠারবাড়ি বাজারের বায়তুল আতিক মসজিদের প্রতিষ্ঠাতা খতিব ও স্থানীয়ভাবে জনপ্রিয় হুজুর আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হাকিমের মৃত্যু হয়। বেলা আড়াইটায় তেলুয়াড়ি মসজিদ মাঠে তার জানাজার সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু, হুজুরের মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লোক সমাগম হতে শুরু করে।

বেলা ১ টার আগেই হাজার হাজার মানুষের ঢল নামে আঠারবাড়িতে। এ সময় নির্ধারিত সময়ের আগে জানাযা অনুষ্ঠিত করার অনুরোধ জানায় পুলিশ। জোহরের নামাজের পর অন্তত ৫ টি জামাতে ১০ হাজার লোক অংশ নেয় জানাজায়। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করেই হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেয়। অনেকের মুখেই ছিল না মাস্ক। মানা হয়নি সামাজিক দূরত্ব। পরে জানাজার জন্য নির্ধারতি সময়ের আগেই তেলুয়ারি মসজিদের কবরস্থানে দাফন করা হয় হুজুরের মরদেহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আঠারবাড়ি বাজারের বায়তুল আতিক মসজিদের প্রতিষ্ঠাতা খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হাকিম (দাঃবাঃ) (৯০)। তিনি আঠারবাড়ি ছাড়াও আশপাশের উপজেলায় বিভিন্ন ওয়াজ মাহফিলে নিয়মিত ইসলামি ওয়াজ করতেন। সেগুলোতে সভাপতিত্বও করতেন তিনি। দীর্ঘ দিন ধরে বায়তুল আতিক মসজিদটিতে খতিব হিসেবে দায়িত্ব পালন করায় এবং বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে ওয়াজ করায় তার অনেক ভক্ত তৈরি হয়। স্থানীয়ভাবে জনপ্রিয় ওই হুজুর বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় মারা যান।

আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন ধরে মসজিদটির খতিব থাকায় অনেক ছাত্র ও ভক্ত তৈরি হয় হুজুরের। তার মৃত্যুর খবর পেয়ে যানবাহন না চললেও চার দিক থেকে লোক সমাগম হতে শুরু করে। ৫ টি ধাপে অন্তত ১০ হাজার লোক জানাযায় অংশ নেয়। তিনি আরও বলেন , আমাদের কিছুই করার ছিল না।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, চারদিক থেকে গ্রামের লোকজন জানাযায় অংশ নিতে আসতে শুরু করে। ওই সময় সবাইকে দূরে দূরে দাঁড়িয়ে জানাজায় অংশ নিতে বলা হয়।

এদিকে, ঈশ্বরগঞ্জ ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। গত সোমবারও আঠারবাড়িতে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হুজুরের জানাজায় এতো বিপুল সংখ্যক লোক জমায়েত হওয়ায় করোনার সংক্রমণ আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা
   

আরও পড়ুন

×