ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সিঙ্গাইরে করোনায় আরও একজনের মৃত্যু

সিঙ্গাইরে করোনায় আরও একজনের মৃত্যু
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৮:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও এক রোগী মারা গেছেন। তার নাম উনুছ দেওয়ান (৬১)। বাড়ি সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর গ্রামে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেকেন্দার আলী মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবারিক সূত্রে জানা গেছে, উনুছ দেওয়ান হৃদরোগে ভুগছিলেন। জ্বর ও কাশি হওয়ায় গত ২২ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর নমুনা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়। ২৪ মে পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। বুধবার মধ্যরাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেকেন্দার আলী মোল্লা জানান, করোনায় আক্রান্ত ছেলের সংস্পর্শে আাসায় ওই ব্যক্তি আক্রান্ত হন। বুধবার তার আবারও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়। পরীক্ষার ফলাফল আসার আগেই মারা যান তিনি।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায়, এর আগে সিঙ্গাইরে এক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।




আরও পড়ুন

×