ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সখীপুরে বড় ভাইকে পিস্তল দিয়ে ফাঁসাতে গিয়ে ছোট ভাই গ্রেপ্তার

সখীপুরে বড় ভাইকে পিস্তল দিয়ে ফাঁসাতে গিয়ে ছোট ভাই গ্রেপ্তার
×

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৯:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

টাঙ্গাইলের সখীপুরে বড় ভাইয়ের বিছানার নিচে পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বড়চওনা গ্রামে বড় ভাই আইয়ুব আলীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় ছোটভাই আজিজুল ইসলামকে (৪৫)। এ সময় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে সখীপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন। আজিজুল ছাড়া অন্য দুই আসামি হলেন- আজিজুল ইসলামের ছোট ভাই আলামিন (৩৬) ও অন্ত্র সরবরাহ সহযোগী আলামিনের বন্ধু শফিকুল ইসলাম (৪০)। শফিকুল বড়চওনা গ্রামের রোস্তম আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বড়চওনা গ্রামের মৃত রাইজউদ্দিনের তিন ছেলে আইয়ুব আলী, আজিজুল ইসলাম ও আল আমিন। কিছু দিন ধরে আইয়ুব আলীর সঙ্গে পৈত্রিক জমিজমা ভাগ-বণ্টন নিয়ে ছোট দুই ভাই আল আমিনের বিরোধ চলছিল।

বুধবার রাত আটটার দিকে আজিজুল তার বড়ভাই আইযুব আলীর বিছানার নিচে পিস্তল রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই ঘরের জানালার পাশের বিছানার নিচ থেকে একটি অস্ত্র উদ্ধার করে।

পুলিশের সন্দেহ হলে আইযুব ও আজিজুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার দুপুরে আজিজুল তার বড়ভাই আইযুবকে বিছানার নিচে অস্ত্র রেখে ফাঁসানোর কথা স্বীকার করেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় আইযুবকে ছেড়ে দেওয়া হয়েছে।

সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড়ভাই আইযুবকে ফাঁসাতে গিয়ে আজিজুল বিছানার নিচে অস্ত্র রেখেছিল। আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূলহোতা আল আমিন ও তার সহযোগী বন্ধু অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১০ বছরের সাজাখাটা শফিকুলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 
 

আরও পড়ুন

×