ঘুষের টাকাসহ মহেশখালীতে কানুনগো গ্রেফতার
কানুনগো আবদুর রহমান
কক্সবাজার অফিস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১০:৩১
কক্সবাজারের মহেশখালী উপজেলা ভূমি অফিসের কানুনগো আবদুর রহমানকে ঘুষ লেনদেনকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুদকের একটি দল। সোমবার বিকালে মহেশখালী ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আবদুর রহমানের কাছ থেকে ঘুষের দুই লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপ- সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন জানান, স্থানীয় এক প্রতিবন্ধী দুদকের কাছে অভিযোগ করেন মহেশখালীর শাপলাপুর মৌজায় নিজের ভূমিহীন বাবা ও মায়ের নামে পাওয়া জমির নামজারি প্রতিবেদনের জন্য আব্দুর রহমান তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রতিবন্ধী এই যুবকের কোনো অনুরোধেই মন গলেনি আব্দুর রহমানের। ঘুষের টাকা না দিলে প্রতিবেদন দিবেন না বলে সাফ জানিয়ে দেন। বিষয়টি তিনি লিখিতভাবে দুদককে অবহিত করেন।
রিয়াজ উদ্দীন জানান, দুদক টিমের সদস্যরা সোমবার মহেশখালী উপজেলা ভূমি অফিসের চারিদিকে ওত পেতে ছিল। আব্দুর রহমান যখন ঘুষের ২০ হাজার টাকা গ্রহণ করছিলেন, ঠিক তখনই দুদক টিমের সদস্যরা তাকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তার ব্যবহৃত ব্যাগ, ড্রয়ার তল্লাশি করে আরো নগদ প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করে দুদক দল। তিনি এসব টাকারও কোনো বৈধ উৎস জানাতে পারেননি। এসব টাকাও সোমবার নিয়েছেন বলে প্রমাণ মিলেছে।
দুদক কর্মকর্তা আরো জানান, আবদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তার গ্রেফতারের খবরে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
- বিষয় :
- কক্সবাজার
- মহেশখালী
- ঘুষের টাকা
- হাতেনাতে গ্রেফতার
- দুদক