ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধার দাফন: এসিল্যান্ডকে প্রত্যাহার

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধার দাফন: এসিল্যান্ডকে প্রত্যাহার
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১০:৫০

মুক্তিযোদ্ধাকে অপমান এবং অবজ্ঞা করার অভিযোগে এরই মধ্যে দিনাজপুর সদর উপজেলার এসিল্যান্ডকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক মাহমুদুল আলমকে ওএসডি করে বদলির দাবি জানিয়েছে দিনাজপুরের মুক্তিযোদ্ধারা। তা না হলে জেলার সব মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করবে বলেও ঘোষণা দিয়েছেন তারা। 

সোমবার দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসককে ওএসডি করে প্রত্যাহারসহ ১১ দফা দাবি উত্থাপন করেন মুক্তিযোদ্ধারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান। এসময় জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন হওয়া সেই অভিমানী মুক্তিযোদ্ধাকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুই ঘন্টাব্যাপী মানবন্ধন করে মুক্তিযোদ্ধারা। এরপর তারা শহরে বিক্ষোভ মিছিল করে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধ লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি সহদেব চন্দ্র রায়সহ অন্যান্যরা বলেন, এ ধরনের জেলা প্রশাসকের প্রয়োজন নেই আমাদের।

এদিকে সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের জুগিবাড়ী গ্রামে মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের কবর জিয়ারত করেছে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, রংপুর বিভাগীয় কমিশনার এসএম তরিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা। পরে তারা মুক্তিযোদ্ধার বাড়িতে যান এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন।

সেখান থেকে বের হয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধার সন্ত্মান নুর ইসলামকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ড্রাইভার পদে চাকুরী দেয়া হয়েছে।

বিভাগীয় কমিশনার এসএম তরিকুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনায় সদর উপজেলা সহকারী ভুমি কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে এই ঘটনায় জড়িত কেউ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আরও পড়ুন

×