পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৬:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকসহ তিনজন মারা গেছেন। এদের মধ্যে পটুয়াখালী শহরের আবদুল করিম মৃধা কলেজের (একেএম কলেজ) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক (অব.) ও বিশিষ্ট হোমিও চিকিৎসক হাফেজ মো মতিয়ার রহমান (৭২) বৃহস্পতিবার রাত ১২টার দিকে এবং মো. নিজাম উদ্দিন খান (৫০) শুক্রবার সকাল ৭টার দিকে পটুয়াখালীর আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিজাম উদ্দিন খান বরগুনার তালতলী উপজেলার পঁচা কোড়ালিয়া এলাকার মো. জয়নাল আবেদীন খানের ছেলে।
অপরদিকে জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মো. মজিবুর আকন (৪৫) নামে একজন। তিনি মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া এলাকার আজাহার আকনের ছেলে। তিনি ঢাকায় গাড়ি চালাতেন এবং জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দু’দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন।
এদিকে পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭২ জন। এদের মধ্যে চারজন মারা গেছেন, ২৮ জন সুস্থ হয়েছে।আক্রান্ত নতুন ৬ জনের মধ্যে ৫ জন পটুয়াখালী সদর উপজেলায় এবং একজন কলাপাড়ায়।
এ ব্যাপারে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুইজন এবং জেলার মির্জাগঞ্জে একজনসহ তিনজন মারা গেছেন। তাদেরকে কোভিড-১৯ সংক্রমণের নিয়ম অনুযায়ী দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।