ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বখাটেদের বিচারের দাবিতে ২ বোনের সংবাদ সম্মেলন

বখাটেদের বিচারের দাবিতে ২ বোনের সংবাদ সম্মেলন
×

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছে সাদিয়া সুলতানা -সমকাল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৭:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বখাটেদের বিচারের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর করিমের বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনায় কুহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সুলতানা।

লিখিত বক্তব্য থেকে জানা যায়, তরগাঁও ইউনিয়নের লাহুরী গ্রামের জহিরুল ইসলাম, রুহুল আমীন, আনিছ, সাখাওয়াত, সবুজ ও সাইফুল দীর্ঘদিন যাবত একই গ্রামের ওবায়দুলের মেয়ে সাথী ও সাদিয়াকে স্কুল-কলেজে যাতায়াতের সময় পথ রোধ করে নানা কু প্রস্তাব দেয়। গত ১০ মে বাড়িতে অন্য কেউ না থাকায় আঙ্গিনায় গিয়ে অভিযুক্তরা দুই বোনকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মোবাইলে তাদের ভিডিও ধারণ করে। এ সময় বখাটেরা তাদের প্রস্তাবে রাজি না হলে এডিটিং করে দুই বোনের অশালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং যে কোনো সময় দু বোনকে তুলে নেওয়ার অথবা রাতের আঁধারে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার হুমকি দেয়।

বক্তব্যে আরও জানানো হয়, এ বিষয়ে গত ৩১ মে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন বড় বোন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী এলমুন নাহার সাথী। কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার না পেয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে রুহুল আমীন জানান, উভয় পরিবারের মাঝে জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার কারণে তাদের ফাঁসানোর জন্য ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

আরও পড়ুন

×