ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

৩ হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে ব্যবসায়ীর মৃত্যু

৩ হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে ব্যবসায়ীর মৃত্যু
×

ইকবাল হোসেন খোকা -ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৮:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেটে তিন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে চিকিৎসা না পেয়ে এমন আরও কয়েকজনের মৃত্যুর কথাও শোনা গিয়েছিল। শুক্রবার হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা গেছেন ব্যবসায়ী ইকবাল হোসেন খোকা। নগরীর কুমারপাড়ার বাসিন্দা ইকবাল নগরীর বন্দরবাজারে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করতেন। শুক্রবার ভোরে সর্বশেষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে ব্যবসায়ী ইকবাল হোসেনের মৃত্যু নিয়ে স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, গত পরশু দিন ইকবালের সঙ্গে ফোনে কতা হয়েছে, তিনি তার অসুস্থতার কথা জানিয়েছেন। ইকবাল হোসেন এভাবে চলে গেলেন, সিলেট শহরে তার চিকিৎসা দেওয়া গেল না। 

শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ব্যবসায়ী ইকবাল হোসেনের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় বলে জানান তার ছেলে তিহাম। এসময় তারা নগরীর সুবহানীঘাটের একটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য কল করেন। এরপর অ্যাম্বুলেন্স আসলে দেখা যায় তাতে অক্সিজেন ব্যবস্থা নষ্ট।  তিহাম বলেন, এরপর তারা প্রথমে নগরীর সুবহানীঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তৃপক্ষ চিকিৎসা দিতে রাজি না হওয়ায় দক্ষিণ সুরমার বেসরকারি আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে সিট খালি নেই বলে তাদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। নগরীর চৌহাট্টা এলাকার শহীদ শামসুদ্দিন হাসপাতাল করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে। এই হাসপাতালে গিয়ে ভোরে ডাকাডাকি করে কাউকে না পেয়ে তারা সর্বশেষ ওসমানী হাসপাতালে যান বলে জানান তিহাম। সেখানে গেলে সিসিউ সাপোর্ট পাওয়া যাবে বলে তাদের জানান শহীদ শামসুদ্দিন হাসপাতালের নিরাপত্তাকর্মী। 

সর্বশেষ ওসমানীতে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিহাম। তিনি বলেন, আমার বাবার অক্সিজেনটা খুব জরুরি ছিল। কিন্তু কোনো হাসপাতাল তা দিল না। আমার টাকার কোন সমস্যা ছিল না। কেবল আমার বাবার জন্য অক্সিজেনটাই প্রয়োজন ছিল। কিন্তু তা পারলাম না। তাই আমি বলব, আমার বাবার মত মৃত্যু আর কোনো বাবার যেন না হয়।

প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সিলেটে অধিকাংশই তা মানছে না বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

×