বগুড়ায় আরও ৫২ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৯:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৪ জন স্বাস্থ্যকর্মী ও একজন নার্সসহ নতুন করে আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ৩২ জন, ১৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার রাত ৮ টার দিকে এ সব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ৩৯টি পজিটিভ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৫টি নমুনার মধ্যে আরও ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬৯ জনে। তবে এদের মধ্যে ৪৯ জন সুস্থ ও ৪ জন মারা গেছেন।
ডা. তুহিন আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ জনের মধ্যে ৪২ জন বগুড়া সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ ছাড়া শাজাহানপুরের ৮ জন এবং শেরপুরের আরও ২ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত ৫২ জনের মধ্যে ১ থেকে ১৮ বছরের নিচে ৪ জন, ১৮ থেকে ৪০ বছরের ২৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৮ জন, ৫১ থেকে ৭০ বছরের ১২ জন এবং ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।