ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

পিটিয়ে মারার আগে শতাধিক মানুষকে কামড়েছে কুকুরটি

পিটিয়ে মারার আগে শতাধিক মানুষকে কামড়েছে কুকুরটি
×

শতাধিক ব্যক্তিকে কামড়ে আহত করেছে কুকুরটি -সমকাল

বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৯:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছয়গড়িয়া, রামনগর,পূর্ব হুড়া,ইছাপুড়া,ভরাসার, মহিষমারা, খাড়াতাইয়া ও পয়াত গ্রামে গত দুইদিন একটি কুকুর শতাধিক নারী-পুরুষ ও শিশুকে কামড় দিয়েছে। তাদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শুক্রবার সকাল ১০ টায় ইছাপুরা গ্রামের আক্তার হোসেন মেম্বার ও পয়াত গ্রামের বাদল খা মেম্বারের নেতৃত্বে স্থানীয় লোকজন লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে কুকুরটিকে। 

স্থানীয়রা জানায়, ছয়গড়িয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ উসমান গনির বাড়ির রাশেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তারকে (১২) প্রথম কামড়ে মারাত্মক আহত করে কুকুরটি। পরে একে একে ছয়গড়িয়া গ্রামের ১০-১২ জনকে মাগরিবের পর পর্যন্ত কামড় দেয়। এরপর রাতে বিভিন্ন গ্রামে কুকুরটি দৌড়ে দৌড়ে যাকে যেখানে পেয়েছে সেখানে কামড়ে পালিয়ে গেছে। কয়েকজনের পায়ে কামড় দিয়ে মাংস উঠিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত কুকুরটি ৬-৭ টি গ্রামের শতাধিক মানুষকে কামড়ে আহত করেছে। তাদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু বলেন, একটি পাগলা কুকুর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৬-৭ টি গ্রামের লোকজনকে কামড়ে আহত করেছে। বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রায় ২০ জনের চিকিৎসা দেওয়া হয়েছে। অধিকাংশ লোকের সেলাই করা হয়েছে। প্রত্যেককে ভেকসিন দেওয়া হয়েছে। 

এ ব্যপারে বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, খবরটি স্থানীয় জন প্রতিনিধি ও সাধারণ লোকের মাধ্যমে পেয়েছি। পাগলা কুকুরটিকে আটকের বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগের সময় শুনলাম স্থানীয় লোকজন সেটিকে মেরে ফেলেছে।

আরও পড়ুন

×