ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

গোপালগঞ্জে পুলিশের পিটুনিতে কৃষকের মৃত্যুর অভিযোগের তদন্ত শুরু

গোপালগঞ্জে পুলিশের পিটুনিতে কৃষকের মৃত্যুর অভিযোগের তদন্ত শুরু
×

কৃষক নিখিল তালুকদার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ১০:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জে পুলিশের পিটুনিতে কৃষক নিখিল তালুকদারের (৩২) মৃত্যুর অভিযোগের তদন্ত শুরু হয়েছে। শুক্রবার বিকেলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল গ্রামে যান ঘটনার তদন্তে। তিনি এ ব্যাপারে কৃষক নিখিলের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫ টার পর ময়নাতদন্ত ছাড়াই নিখিলের লাশ দাহ করা হয়। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। কৃষক নিখিল তালুকদার রামশীল গ্রামের নীল কান্ত তালুকদারের ছেলে।

নিখিলের স্ত্রী ইতি তালুকদার বলেন, আমাদের জমির ধান কাটা ও গোলায় তোলা হয়েছে। কাজা নেই বলে এখন আমার স্বামী অবসর সময় কাটাচ্ছিলেন। গত মঙ্গলবার বিকেলে রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে আমার স্বামীসহ ৪ জন বসে সময় কাটাতে তাস খেলছিলেন। এ সময় কোটালীপাড়া থানার এএসআই শামীম উদ্দিন ১ জন ভ্যানচালক ও ১ যুবককে নিয়ে সেখানে যান। গোপনে মুঠোফোনে তাস খেলার দৃশ্য ধারণ করেন। তারা বিষয়টি টের পেয়ে খেলো রেখে দৌড়ে পালনোর চেষ্টা করেন। এসময় অন্য ৩ জন পালিয়ে গেলেও নিখিলকে এএসআই শামীম উদ্দিন ধরে মারপিট শুরু করেন। এক পর্যায়ে হাটু দিয়ে নিখিলের মেরুদণ্ডে আঘাত করেন শামীম। এতে নিখিলের মেরুদণ্ড ভেঙে যায় ।  তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাই । সেখানে তিনি বুধবার বিকেলে মারা যান।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফার রহমান জানান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার তদন্ত করছেন।  তবে এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

×