চার দিন সর্দি জ্বরে ভুগে মারা গেলেন এসআই
ইকরামুল ইসলাম
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ০৪:০৬ | আপডেট: ০৬ জুন ২০২০ | ০৪:১৪
চার দিন সর্দি ও জ্বরে ভুগে মারা গেছেন সীতাকুণ্ড থানার সহকারী পরিদর্শক (এসআই) ইকরামুল ইসলাম (৪৫)। পৌরসদরস্থ উত্তর বাজারের ভাড়া বাসায় শনিবার সকালে মারা যান তিনি। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন থানার ইন্সপেক্টর (ইনটিলিজেন্স) সুমন বণিকসহ ওসির গাড়ি চালক।
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঠালিয়া এলাকায়। করোনা পরীক্ষার জন্য মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাজারে ভূইঁয়া টাওয়ার নামের একটি ভবনে থাকতেন ইকরাম। ১ জুন থেকে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন। আজ সকাল ১১টার দিকে একই ফ্ল্যাটের অন্য দুজন তাকে ঘুম থেকে ডাকতে গেলে মুখে ফেনাসহ অচেতন অবস্থায় দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা জানান, চার দিনেও জ্বর না কমাতে আজ করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা ছিল ইকরামের। কিন্তু এরই মধ্যে সকালে খবর আসে তিনি মারা গেছেন। এছাড়া থানার ইন্সপেক্টর (ইনটেলিজেন্স) সুমন বণিকসহ এক গাড়ি চালকের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। তারা বাসায় আইসোলেশনে আছেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, নিহতের মুখে ফেনা ছিল। এ কারণে প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি যেহেতু জ্বর ও সর্দিতে ভুগছিলেন তাই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।