চাঁদা আদায়ের অভিযোগে ইউপি সদস্যের শাস্তি দাবি
ছবি: সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৯:০৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৯:৪৪
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন বাজার ও করলাপুর ফেরিঘাট থেকে চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় ইউপি সদস্য মাঈন উদ্দিন ও তাঁর দুই ছেলের শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার কলমাকান্দা প্রেস ক্লাবে বড়খাপন ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে মো. মোবারক হোসেন ও মো. বাবুল মিয়া বলেন, বড়খাপন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন এবং তাঁর দুই ছেলে শফিকুল ইসলাম ও মো. মাসুম বড়খাপন বাজার ও করলাপুর ফেরিঘাট থেকে অনৈতিকভাবে চাঁদা তুলছেন। এর প্রতিবাদ করলে তারা মেরে ফেলার হুমকি দেন। থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গত সোমবার স্থানীয় বাবুল মিয়া ও কামাল মিয়া ফেরিঘাটে গেলে তাদের কাছে মাঈনসহ তাঁর লোকজন ৪ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযোগ করে বলা হয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের তুলে নিয়ে যান মঈনের বাড়িতে। পরে তাদের মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আরও ৩ লাখ ৭০ হাজার টাকা চাঁদা না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মঙ্গলবার স্থানীয় মৎস্যজীবী আইন উদ্দিন বিলে নৌকা নিয়ে মাছ কিনতে গেলে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মাঈন উদ্দিন বলেন, অভিযোগটি মিথ্যা ও বনোয়াট। তাঁকে সমাজে হেয় করার জন্য একটি কুচক্রী মহল এ ধরনের মিথ্যা রটাচ্ছে।
- বিষয় :
- চাঁদাবজি
- ইউপি সদস্য
- শাস্তি
- সংবাদ সম্মেলন
- অভিযোগ
