নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলেকে কারাদণ্ড
ফরিদপুর অফিস ও চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০১:২৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০১:৪৪
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও দুই মণ ইলিশ জব্দ করা হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ও চরভদ্রাসন থানা পুলিশ।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-মোস্তফা মণ্ডল, আক্কেল আলী, বাবু মণ্ডল, ইমদাদুল সেক, মান্নান ফকির ও নুরু হরদান।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে জেলেদের সাজা দেওয়া হয়েছে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পদ্মার পাড়ে পোড়ানো হয়েছে এবং ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
- বিষয় :
- ইলিশ মাছ
- পদ্মা নদী
- নিষেধাজ্ঞা
- জেলে