ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

শাহান আরা আবদুল্লাহর দাফন সম্পন্ন

শাহান আরা আবদুল্লাহর দাফন সম্পন্ন
×

বরিশালে শাহান আরা আবদুল্লাহর জানাজা

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০১:৫৪ | আপডেট: ০৮ জুন ২০২০ | ০২:০৬

বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহর (৭২) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। 

তিনি পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা। 

সকাল সাড়ে ৮টায় বরিশাল মুসলিম গোরস্থান সংলগ্ন মাদ্রাসা মাঠে শাহান আরা আবদুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রের পক্ষে মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান। 

মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ছাড়াও মরহুমার স্বামী আবুল হাসানাত আবদুল্লাহ, তার তিন ছেলে ও শুভাকাক্ষীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। 

হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত সাড়ে ১১টায় শাহান আরা আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। ঢাকায় জানাজা শেষে রাতেই শাহানা আরা আবদুল্লাহর মরদেহ বরিশালে নিয়ে আসা হয়। 

শাহান আরা আবদুল্লাহ ৭৫’র ১৫ আগস্ট কালোরাতের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। ওই ঘটনায় তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিজের বড় ছেলে সুকান্ত আবদুল্লাহকেও হারান। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন। 

রাজনীতির পাশাপাশি তিনি একজন সংস্কৃতজন হিসেবেও পরিচিত ছিলেন। 

শাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করীম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেস ক্লাব, বরিশাল সাংবাদিক ইউনিয়নসহ (জেইবি) বিভিন্ন সংগঠন।


আরও পড়ুন

×