ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় তিন ভাইকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় তিন ভাইকে পিটিয়ে জখম
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৪:২৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর কালিয়া ভিটা গ্রামে তুচ্ছ ঘটনায় তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়া ভিটা গ্রামের ফেদু মিয়ার ছেলে আজিজুল ইসলামের জামদানি কারখানায় সুমন নামের এক কারিগর দীর্ঘদিন ধরে কাজ করে। সুমন তার কাজে ভুল করায় সকালে আজিজুল তাকে মারধর করেন। এরপর সুমন আজিজুলের প্রতিবেশী এনামুল হকের ছেলে সামিরের কাছে বিচার দাবি করে। 

এ ঘটনায় আজিজুলকে সমির, তার সহযোগী মোবারক হোসেনের ছেলে শাহিন, আলিমউল্লাহর ছেলে আকিব, জমির আলীর ছেলে কাজল এসে সুমনকে মারধরের বিষয়টি জানতে চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। 

এক পর্যায়ে সামিরের নেতৃত্বে শাহিন, আকিব ও কাজল দেশীয় অস্ত্র নিয়ে আজিজুলের বাড়িতে হামলা চালায়। হামলায় আজিজুল ও তার ভাই সাত্তার মিয়া ও ইউসুফ আহত হন। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাত্তার মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। 

আহত আজিজুল ইসলামের ভাতিজা আব্দুল গাফফার আপন জানান, দীর্ঘদিন ধরে আমার চাচার সঙ্গে পার্শ্ববর্তী সমির আলীর বড় ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের জেরে কারিগর সুমনের বিচার সালিশকে কাজে লাগিয়ে সকালে পরিকল্পিভাবে হামলা করা হয়েছে। হামলায় আমার তিন চাচা আহত হন। আহত আব্দুস সাত্তারের অবস্থা আশঙ্কাজনক।

অভিযুক্ত সমিরের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কারিগর সুমনকে আজিজুল বিনা কারণে বিভিন্ন সময়ে মারধর করেছেন। তাকে অমানবিকভাবে মারধরে করায় আমরা গিয়ে তার কাছে জানতে চাইলে আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  


আরও পড়ুন

×