নৈশ প্রহরীকে বেঁধে মার্কেটে ডাকাতি, গ্রেপ্তার ৮
উদ্ধারকৃত মালামালসহ আটকরা -সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৭:৪০
গাজীপুরে এক মার্কেটের নৈশপ্রহরী ও এক পথচারীর হাত-পা ও মুখ বেঁধে বিভিন্ন দোকানের মালামাল লুট করে নেওয়ার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট করে নেওয়া স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল।
সোমবার রাতে শরীয়তপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।
পুলিশ জানায়, গত ১৬ মে রাতে জয়দেবপুর থানার বেগমপুর এলাকার রহমত আলী সুপার মার্কেটের নৈশ প্রহরী ও ঝোটন নামে এক পথচারীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে ওই মার্কেটের বিভিন্ন দোকানে তারা ডাকাতি করে। লুটে নেয় নগদ প্রায় ৫ লাখ টাকা, ৩৩ মোবাইল সেট, ৫ ভরি স্বর্ণ, রুপা ২৯০ ভরি, শাড়ি, লুঙ্গি, এল ই ডি টিভিহ বিভিন্ন মালামাল। এ ঘটনায় ওই দিনই জয়দেবপুর থানায় একটি মামলা হয়।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ঘটনার পর থেকেই বিশেষ গোয়েন্দা শাখার সদস্যরা ডাকাতদেরকে ধরতে মাঠে নামেন। অবশেষে গাজীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত বাবুল মাল, মনসুর ফকির, শফিকুল , আকরাম, হৃদয় হাবিল, নাজমুল, মজিবুর রহমান ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট করা মালামালও উদ্ধার করা হয়েছে।
- বিষয় :
- গাজীপুর