আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ
সিলিন্ডার বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে পড়েছে -সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৮:০৮
সাভারের আশুলিয়ায় দুইতলা আবাসিক ভবনের নিচ তলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৫জন দগ্ধ ও ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে কাঠগড়ার উত্তরপাড়া এলাকার মোঃ ইমনের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ওই বাড়ির ভাড়াটিয়া মো. লিটন, তার স্ত্রী শান্তা আক্তার, ছেলে ইমরান, লিটনের ভাই রিপন, শান্তার ভাবি ছালমা আক্তার। আহত দুজন হলেন- ছালমার ছেলে আজিজুল ও ভাড়াটিয়া আব্দুল্লাহ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোরে বিকট আওয়াজে দুইতলা আবাসিক ওই ভবনটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আশপাশের সকলের ঘুম ভেঙে যায়। এ সময় বাড়িটির ধসে ড়া একাংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে ও ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে দুই শিশু ও নারীসহ অন্তত ৭ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহত ৭ জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। বিস্ফোরণে ভবনের একাংশ সম্পূর্ণ ধসে পড়েছে।
- বিষয় :
- সাভার
- সিলিন্ডার বিস্ফোরণ