রামেকে ২ করোনা রোগীর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৮:৫১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জন এবং উপসর্গ নিয়ে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক করোনা আক্রান্ত লুৎফর রহমান (৬০) ও নওগাঁর তেবাড়িয়া গ্রামের করোনা আক্রান্ত মোস্তাফিজুর রহমান (৬৩)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজলোর জৈয়ন্তিপুর গ্রামে রজিদুল ইসলাম (৫৩) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তাফিজুর রহমান। ওই দিন তাকে আইসিইউতে রেখে তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। এতে তার করোনা পজেটিভ আসে। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি আইসিইউতে মারা যান।
এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় লুৎফর রহমান (৬০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক মারা যান। সোমবার সন্ধ্যায় লুৎফর রহমানের করোনা পজিটিভ আসে। ওইদিন রাত ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। গত শনিবার উপসর্গ দেখা দিলে গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশৈল গ্রাম থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি মহিষকুন্ডি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। কেশরহাট বাজারে তার চশমার দোকান রয়েছে। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী। রাজশাহী-০৩ আসনের এমপি এনামুল হক উপস্থিত থেকে গ্রামের বাড়ীতে জানাজা শেষে তার লাশ দাফন করেন।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রজিদুল ইসলাম (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। তার ড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জৈয়ন্তিপুর গ্রামে।
হাসপাতালের চিকিৎসক সাইফুল ফেরদৌস জানান, সোমবার তাকে মিশন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তার শরীরে আগে থেকেই নানা অসুখ ছিলো। তিনি ফুসফুসের ক্যান্সার ও পিত্তথলির জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যাও ছিলো।
এর আগে গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৪ জন, বাঘায় ৭ জন, চারঘাটে ৭ জন, পুঠিয়ায় ১০ জন, দুর্গাপুরে তিন জন, বাগমারায় ৬ জন, মোহনপুরে ৯ জন, তানোরে ১৩ জন, পবায় ৬ জন ও গোদাগাড়ীতে একজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন। আর সোমবার পর্যন্ত মারা গেছেন তিনজন। মঙ্গলবার জেলার মোহনপুরে আরো একজনের মারা যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হলো।
- বিষয় :
- রাজশাহী
- করোনাভাইরাস
- রামেক