নোয়াখালীতে লকডাউনে কথিত স্বেচ্ছাসেবকদের নৈরাজ্যে, গাড়ি ভাংচুর-চাঁদাবাজি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৯:১৭ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৯:২২
করোনাভাইরাস সংক্রমণের হার কমাতে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনে রাস্তায় মোড়ে মোড়ে দিনভর আইন-শৃঙ্খলা বাহিনীর চেয়ে কথিত স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল বেশি। লাঠি হাতে দলে দলে তারা রাস্তায় অবস্থান নেন। তাদের মধ্যে ছিল না সামাজিক দূরত্ব মানার প্রবণতা। এ সময় যাত্রী-চালকদের সঙ্গে অশোভন আচরণ, গাড়ি ভাংচুর, লোকজনকে লাঞ্চিত এবং কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ফলে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত রোববার বিকেলে নোয়াখালী জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তন্ময় দাস বেগমগঞ্জ ও সদর উপজেলাকে রেড জোন চিহ্নিত করে ২৩ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেন। লকডাউন বাস্তবায়নে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী একাধিক ভিডিও বার্তায় ছাত্রলীগসহ স্থানীয় যুব সমাজকে সম্পৃক্ত করার ঘোষণা দেন। তিনি তাদের মাঠে থাকার আহ্বান জানিয়ে কখনও কারফিউ আবার কখনও হরতালের মতো কঠোর হওয়ার কথা বলেন। আর এই কাজে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। মঙ্গলবার সকাল থেকে জেলা শহর মাইজদীতে রাস্তায় রাস্তায় দল বেঁধে লাঠি হাতে অবস্থান নেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকেও রাস্তায় লাঠি হাতে অবস্থান নিতে দেখা যায়।
-5edfa79b10d0a.jpg)
লকডাউন বাস্তবায়নের নামে কথিত স্বেচ্ছাসেবকরা মাইজদী বাজার থেকে সোনাপুর সড়ক পর্যন্ত বেশ কয়েকটি স্থানে জড় হয়ে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে যাত্রী ও চালকদের সঙ্গে অশোভন আচরণ, গাড়ি ভাংচুর, লোকজনকে লাঞ্চিত করেন। কোথাও কোথাও চাঁদাবাজিরও অভিযোগ উঠে। লাঞ্চনার শিকার একাধিক ব্যক্তি এ ধরনের অভিযোগ করেছেন।
ন্যাশনাল ব্যাংক মাইজদী কোর্ট শাখার ব্যবস্থাপক আক্তার হোসেন সমকালকে বলেন, ন্যাশনাল ব্যাংকের লগো ব্যবহার করা একটি গাড়ি (ঢাকা মেট্রো-চ ৫৩-৭০৫১) মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্যাংকের কাজে সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার দিকে যাচ্ছিল। পৌর বাজার অতিক্রম করার সময় লকডাউন বাস্তবায়নের নামে কিছু স্বেচ্ছাসেবক গাড়ির গতি রোধ করে ভাংচুর করে। পরে গাড়িটি সোনালী ব্যাংকে না গিয়ে ন্যাশনাল ব্যাংকে ফিরে আসে। ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে অবহিত করেছেন তিনি।
-5edfa7a8ee4e7.jpg)
এছাড়া বেলা ১২টার দিকে মোটরসাইকেল যোগে মাইজদী শহরের জহিরুল হক মিয়ার গ্যারেজ থেকে টাউন হল মোড়ে আসার পথে ব্যবসায়ী জুয়েলকে আটকায় স্বেচ্ছাসেবকরা। জুয়েলের অভিযোগ, তিনি পৌর বাজারের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে তা ক্ষতিগ্রস্ত করা হয়।
সুবর্ণচর উপজেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান নূরানী গ্রুপের পণ্যবাহী একটি গাড়ি মাইজদী শহরের দিকে আসার পথে একদল যুবক গাড়ির গতি রোধ করে ৫শ টাকা চাঁদা দাবি করেন। চালাক টাকা দিতে না পেরে গাড়ি নিয়ে আবার সুবর্ণচরে ফিরে যান।

জেলার এক সিনিয়র সাংবাদিক সোনাপুর থেকে মাইজদী আসার পথে দত্তেরহাট এলাকায় পৌঁছালে লকডাউন কথিত স্বেচ্ছাসেবকরা মোটরসাইকেলের গতিরোধ করে চাবি নিয়ে যায়।
এ দিন কাচাবাজারেও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় তার সাথে অশোভন আচরণ করে তারা। লকডাউন বাস্তবায়নের নামে এভাবে দিনভর সড়কে অরাজগতা ও নৈরাজ্য চলেছে, যা পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করেছে।
এ ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সকাল থেকে কিছু ঘটনার কথা তিনি জেনেছেন। তবে তিনি স্টেশনে ছিলেন না। বুধবার সকাল থেকে এমন নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে। ব্যাংকের ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। সড়কে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।

নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস সমকালকে বলেন, লকডাউন বাস্তবায়নের নামে কতিপয় ব্যক্তি সকাল থেকে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি, গাড়ি ভাংচুর এবং চাঁদাবাজি করেছেন বলে তিনি জেনেছেন। এরা কারা তিনি জানেন না। বুধবার সকাল থেকে লকডাউন ঘোষিত এলাকাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কাজ করবে।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে কল করেও তা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তবে মঙ্গলবার বিকেলে তিনি ফেসবুক লাইভে এসে লকডাউন বাস্তবায়নে দিনভর কাজ করা ছাত্রলীগ নেতাকর্মীসহ যুবকদের ধন্যবাদ জানান। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন।
- বিষয় :
- নোয়াখালী
- লকডাউন
- করোনাভাইরাস