নীলফামারীতে জ্বর-কাশিতে আক্রান্ত মুদি দোকানির মৃত্যু
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৯:৪৫
নীলফামামারীতে করোনাভাইরাসের উপর্সগ নিয়ে এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পথে মারা যান তিনি। করোনার উপসর্গ দেখা দেওয়ায় সোমবার তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আলমগীর হোসেন (৫৫) নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পরিবারের সদস্যরা জানায়, আলমগীর হোসেন কয়েক দিন ধরে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার উপর্সগ থাকায় সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়িতে এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন জানান, আলমগীর হোসেন আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। গত মঙ্গলবার থেকে জ্বর, সর্দি, কাশিতে ভূগছিলেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় গতকাল সোমবার তার নমুনা সংগ্রহ করে দিনাজপুরের এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও ফলাফল হাতে আসেনি। ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজেটিভ ছিলেন কিনা।
তিনি আরো জানান, ‘স্বজনরা আলমগীরের মৃতদেহ দাফনের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে কুড়িগ্রাম জেলায় নিয়ে গেছেন। সেখানে তারা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মতাবেক তার মরদেহ দাফন করবেন।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আলমগীরের বাড়িসহ আসেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।’
- বিষয় :
- নীলফামারী
- করোনাভাইরাস
- করোনা উপসর্গ