বগুড়ায় মেডিকেল শিক্ষার্থীসহ আরও ৭৭ জনের করোনা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ১০:১৫ | আপডেট: ০৯ জুন ২০২০ | ১০:৩৪
বগুড়ায় মেডিকেল শিক্ষার্থী ও ব্যাংকারসহ আরও ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৯৫৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হলেন। গেল ২৪ ঘন্টায় কেউ সুস্থ হননি।
তবে এ পর্যন্ত ৭২ জন সুস্থ হয়েছেন এবং ৮ জন মৃত্যুবরণ করেছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার রাতে অনলাইনে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, মঙ্গলবার বগুড়ায় ২৪ ঘন্টায় ৪৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে জেলার ১৮৬টি এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে আরও ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ৪৯জনের করোনা পজিটিভ পাওয়া যায়। বাকি ২৮জনের করোনা পজিটিভ মেলে টিএমএসএসের পিসিআর ল্যাবে। আক্রান্ত ৭৭জনের মধ্যে ৫১জনই পুরুষ। এছাড়া ২২জন মহিলা ও ৪ শিশু রয়েছে।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৫৪জনই বগুড়া সদর উপজেলার বাসিন্দা। অন্য উপজেলার মধ্যে ধুনটের ১০জন, গাবতলীর ৭জন, কাহালুর ২জন, শিবগঞ্জের ২জন এবং শাজাহানপুর ও আদমদীঘির আরও একজন করে মোট ২জন শনাক্ত রয়েছেন।
আক্রান্তদের মধ্যে শিশু অর্থাৎ ১৮ বছরের নিচে ৪ জন, ১৮ থেকে ৪০ বছর বয়সী ৪৪জন, ৪১ থেকে ৫০ বছরের ১৭জন, ৫১ থেকে ৭০ বছরের ১১জন এবং আরও একজন রয়েছেন যার বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বরাবরের মতই জানান, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।
- বিষয় :
- করোনাভাইরাস
- বগুড়া