ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুশিয়ারায় অবৈধভাবে ফের বালু উত্তোলন, আতঙ্কে এলাকাবাসী

কুশিয়ারায় অবৈধভাবে ফের বালু উত্তোলন, আতঙ্কে এলাকাবাসী
×

অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৫:০২

মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় শ্রমিককে জরিমানা করার একদিন পরেই ফের বালু উত্তোলন করা হচ্ছে। ক্রমাগত অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি বিশেষ মহল দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কুশিয়ারা নদীর সদর উপজেলা অংশের বাহাদুরপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারে কাজ করা ছয় শ্রমিককে আটক করা হয়। এরপর ওইদিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের রায় দেন।

নদী তীরবর্তী স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মুচলেকা দিয়ে আসার একদিন পরেই তিনটি ড্রেজার দিয়ে সকাল থেকে মুচলেকার শর্ত ভঙ্গ করে বাহাদুরপুর এলাকা থেকে ওই চক্র বালু উত্তোলন শুরু করেছে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সদর উপজেলার বাহাদুরপুরসহ বিভিন্ন গ্রাম ভাঙ্গন কবলে পড়ার আশঙ্কায় এলাকাবাসী সম্প্রতি বালু উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

খলিলপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মালিক মালই জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার সত্যতা স্বীকার করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তার ওয়ার্ডের সব গ্রামসহ আশপাশ এলাকার লোকালয় ও ফসলি জমি শুস্ক মৌসুমে ভয়াবহ ভাঙ্গন কবলে পড়ার আশঙ্কায় রয়েছে মানুষ। এলাকাবাসীকে রক্ষায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিগগির আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন জানান, ফের অবৈধভাবে বালু উত্তোলন করলে সরেজমিন তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×