মাদক সেবন নিয়ে বিরোধ, বন্ধুদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৬:০১
বগুড়া শহরতলীর পালশা তালপুকুর এলাকায় সোমবার রাতে মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে বন্ধুদের ছুরিকাঘাতে উজ্জল (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।
নিহত উজ্জল শহরের নিশিন্দারা ধমকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি একজন পরিবহন শ্রমিক।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বন্ধু উজ্জলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তারা শহরতলীর শাকপালা তালপুকুর নামক স্থানে যান। সেখানে উজ্জলকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান বন্ধুরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, উজ্জলের নির্দিষ্ট কোনো পেশা নেই। মাঝে মধ্যে বাস ও ট্রাকের হেলপারের কাজ করতেন। বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে তার নামে। মাদক সেবন নিয়ে কয়েকদিন আগে কয়েক বন্ধুর সঙ্গে উজ্জলের বিরোধ হয়। এর জের ধরেই তাকে খুন করেছে তার বন্ধুরা।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবরার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাদক সেবন নিয়ে বিরোধে উজ্জলকে খুন করা হয়েছে। হত্যার ঘটনায় তার পরিবারের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
- বিষয় :
- বগুড়া
- ছুরিকাঘাতে খুন
- মাদক সেবন