ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
×

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৬:৫৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার অপরাধে মো. আবুল কালাম নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. আবুল কালাম মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আ. ছত্তারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবুল কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ঘটনার দিন ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর আবুল কালাম স্ত্রী জেসমিন বেগমকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্বজনরা প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে ঢাকা নেয়ার পথে ভাঙ্গা এলাকায় ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পরদিন ১৫ সেপ্টেম্বর নিহত জেসমিন বেগমের ভাই সাইফুল হক মঠবাড়িয়া থানায় মো. আবুল কালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) ধারায় মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার এস আই মো. আব্দুল হক এ মামলাটি তদন্ত করে একই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সরকার পক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা এবং আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নুরুল ইসলাম বাদশা মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন

×