ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কক্ষ ঝাড়ু দেয়ার জন্য ডেকে এনে ছাত্রীকে ধর্ষণ

কক্ষ ঝাড়ু দেয়ার জন্য ডেকে এনে ছাত্রীকে ধর্ষণ
×

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৭:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০৭:৫৭

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মুহসিনিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা কমপ্লেক্সের ম্যানেজার শাহাদাত হোসেনের (২৫) বিরুদ্ধে এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার দুপু‌রে শাহাদাতকে আটক করেছে পু‌লিশ। 

অভিযোগে বলা হয়েছে, সোমবার দুপুরে কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে এনে মাদ্রাসার রান্না ঘরে ওই ছাত্রীকে ধর্ষণ করে শাহাদাত। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনার নির্দেশনায় মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীকে মাদ্রাসা থেকে উদ্ধার করেন উপজেলার মহিলা বিষয়ক প্রশিক্ষক মোমেনা আক্তার। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহাদাত। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। শাহাদাত হোসেন এ সময় ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত শাহাদাত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সিংগারিয়া মুনসারাবাদ গ্রামের মৃত আজিজুল হক মুন্সীর ছেলে।

এ ব্যাপারে রাজৈর মহিলা বিষয়ক প্রশিক্ষক মোমেনা আক্তার বাদী হয়ে শাহাদাতকে প্রধান আসামি করে মামলা এবং ভিকটিমকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতিত শিশুটি কান্না জড়িত কণ্ঠে বলে, সোমবার দুপুরে শাহাদাত হোসেন মাদ্রাসার রান্না ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে তাকে ও অন্য এক ছাত্রীকে ডেকে আনেন। পরে সহপাঠিকে অন্যত্র পাঠিয়ে তাকে রান্না ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় চিৎকার দেওয়ার চেষ্টা করলে মুখ চেপে ধরেন শাহাদাত। 

এ ঘটনায় ওই ছাত্রীর মা অভিযুক্ত শাহাদাতের উপযুক্ত বিচার চেয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×