চট্টগ্রামে ২৭৫ কোটি খেলাপি ঋণ পরিশোধ মোস্তফা গ্রুপের
মোস্তফা গ্রুপের লোগো।
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ২১:৩২
চট্টগ্রামে চার বছরে ২৭৫ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করেছে এক সময়ের বনেদী মোস্তফা গ্রুপ। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০টি অর্থঋণ মামলা হয়। ব্যবসায়িক লোকসানের কারণে ঋণ পরিশোধ করতে পারছিল না কোম্পানিটি। কিন্তু বর্তমানে ধীরে ধীরে ৩২টি ব্যাংকের ঋণের অর্থ পরিশোধ করছেন তারা।
সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালত থেকে পাঠানো এক আদেশে এসব তথ্য তুলে ধরা হয়।
মোস্তফা গ্রুপের আইনজীবী জাফর ইকবাল বলেন, সৌদিয়া চেয়ারকোচ পরিবহন, পেপার মিল, গার্মেন্টস, শীর্ষ ব্রেকিং শিল্পে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিল বনেদী ব্যবসায়ী প্রতিষ্ঠান মোস্তফা গ্রুপ। কিন্তু এক-গারোর সময় আমদানি করা পণ্য বিপণন ব্যবস্থায় বিপর্যয়ের কারণে ব্যবসায়িক ক্ষতির কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ অনিয়মিত হয়ে পড়ে। ডলারের দাম উঠানামার কারণে ২০১৩-১৪ সালে শিপ ব্রেকিং ব্যবসায় মারাত্মক ক্ষতির শিকার হয় গ্রুপটি। ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়ে গ্রুপটি ২৭৫ কোটি টাকার ব্যাংক ঋণ পরিশোধ করেছে এবং মীমাংসার মাধ্যমে ১০০ কোটি টাকার বেশি পরিশোধ করে অর্থ ঋণ মামলা নিষ্পত্তি করছে।
আদালত সূত্রে জানা গেছে, মোস্তফা গ্রুপ ইতোমধ্যে ইসলামী ব্যাংকে ৯২ কোটি, ইস্টার্ন ব্যাংকে ১৫টি, কৃষি ব্যাংকে ১৬ কোটি, যমুনা ব্যাংকে ৫ কোটি, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকে ৬ কোটি, ন্যাশনাল ব্যাংকে ৯ কোটি, প্রাইম ব্যাংকে ১১ কোটি, পূবালী ব্যাংকে ৭ কোটি, ট্রাস্ট ব্যাংকে ৫ কোটি, উত্তরা ব্যাংকে ৬ কোটি, সাউথইস্ট ব্যাংকে ৮ কোটি ৮০ লাখসহ ৩২টি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানে ২৭৫ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করেছে।
- বিষয় :
- ঋণখেলাপি
- ঋণের টাকা পরিশোধ
- চট্টগ্রাম
