মিরসরাইয়ে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
প্রতীকী ছবি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১৪:১৭
মিরসরাইয়ে করোনা উপসর্গ নিয়ে মিজানুল হক আজাদ (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজাদ মিরসরাই পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের সিরাজ কমিশনার বাড়ির বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের চাচা। সোমবার সন্ধ্যায় পর স্বাস্থ্য বিধি মেনে ‘শেষ বিদায়ের বন্ধু’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা তার লাশ দাফন করেন।
ফরহাদ হোসেন জানান, তার চাচা বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এর মধ্যে আবার শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় রোববার রাতে তাকে চট্টগ্রাম মাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মারা যান।
ম্যাক্স হাসপাতালের ম্যানেজার নুরুল ইসলাম ইরান জানান, মিজানুল হক শ্বাসকষ্ট, টাইফয়েড জ্বর, ডায়াবেটিক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার করোন ছিল কিনা তা পরীক্ষা করানো সম্ভব হয়নি।