বান্দরবানে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৩:০৯
বান্দরবান সদর উপজেলায় সাইচহ্লা মার্মা (৩৮) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কুহালং ইউনিয়নের বাকিছড়া মাঝের পাড়ায় দুইজন অপরিচিত লোক এসে পাড়ার এক ছেলেকে ডেকে ইউপি সদস্যের বাড়ি চিনিয়ে দিতে বলে। ছেলেটি তাদের দুইজনকে ইউপি সদস্যের বাড়ির সামনে নিয়ে যায়। ইউপি সদস্যের নাম ধরে ডাক দিলে তিনি বাড়ি থেকে বের হন। এসময় তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মা জানান, সাইচহ্লা মার্মাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, কারা ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি।
- বিষয় :
- বান্দরবান
- গুলি করে হত্যা
- ইউপি সদস্য