ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

করোনা দুর্যোগে দেশের কোন মানুষ না খেয়ে নেই: এমপি তাজুল ইসলাম

করোনা দুর্যোগে দেশের কোন মানুষ না খেয়ে নেই: এমপি তাজুল ইসলাম
×

উপজেলার ২৫০ জন চা দোকানদার এবং সেলুনের কর্মচারী ও মালিকদের মধ্যে ঐচ্ছিক তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ করছেন স্থানীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম -সমকাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৫:২৪

‘করোনা দুর্যোগে মানুষের জীবন রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সকল শ্রেণি-পেশার মানুষের পাশে  থেকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। সেজন্য দেশের কোন মানুষ না খেয়ে  নেই। ’

মঙ্গলবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে ক্যাপ্টেন (অব: )এবি তাজুল ইসলাম মিলনায়তনে  সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলায় ২৫০ জন চা দোকানদার এবং সেলুনের কর্মচারী ও মালিকদের মধ্যে ঐচ্ছিক তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

তিনি বলেন, সরকার দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে নিয়মিতভাবে। এই কার্যক্রম ততদিন চলবে যতদিন পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক না হবে। ৫০ লাখ পরিবারকে এককালীন আড়াই হাজার নগদ টাকা  মোবাইল নাম্বারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে, তিন স্তরে তথ্য উপাত্ত যাচাই করে এ টাকা দেয়া হচ্ছে। একারণেই টাকা কোনভাবে নির্দিষ্ট ব্যক্তির বাইরে যাওয়ার সুযোগ নেই।

তাজুল ইসলাম বলেন, করোনায় কর্মহীন হয়ে পরা মানুষদের জন্য খাদ্যসহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে সরকার। দেশে কোন খাদ্য সঙ্কট নেই। আগামী ছয় মাসের খাবার মজুদ রয়েছে দেশে।

তিনি আরও বলেন, করোনা সঙ্কটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এ কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখন এই রোগের সংক্রমণ কিছুটা ভালো অবস্থানে রয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে করোনা সঙ্কট মোকাবিলা করে বাংলাদেশ কাঙ্খিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম বকুল, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম সাজু, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, সহিদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন

আরও পড়ুন

×