'করোনাকালে গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে'
কর্মশালায় বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.শামির হোসেন মিশু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৫:২৯ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০৫:৪৯
করোনাকালে গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। এ সময় সন্তান প্রসব করা ও নবজাতক লালন পালন করা মারাত্বক ঝুঁকিপূর্ণ । সরকারের স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে চিকিৎসাসহ সব ধরনের চিকিৎসা সহায়তা দিলেও সেই সেবা করোনাকালে সবার ভাগ্যে নাও জুটতে পারে। কারণ অনেক চিকিৎসকই চিকিৎসাসেবা দেয়া থেকে বিরত আছেন। আর যারা চিকিৎসা সেবা দিচ্ছেন তারাও কারোনার আতঙ্ক ও ঝুঁকির মধ্যে দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তাই প্রয়োজনীয় চিকিৎসাসেবা এ সময় পাওয়া দুস্কর।
মঙ্গলবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) বগুড়া শাখা আয়োজিত করোনার জরুরি পরিস্থিতিতে গর্ভবতী নারীদের যৌন প্রজনন বিষয়ে স্বাস্থ্য সচেতনতার উপর এক কর্মশালায় বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।
এফপিএবি বগুড়া শাখার সেউজগাড়ী অফিসের মিলনায়তনে শারিরিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিতি এই কর্মশালায় এমআইএসপির আলোকে যৌন প্রজনন স্বাস্থ্য সেবার উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.শামির হোসেন মিশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ও জেলা কনসালটেন্ট ডা. সামসী আরা বেগম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ পারভিন,সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা.আব্দুল মান্নান, করোনা ও বগুড়া পরিস্থিতির সমন্বয়ক যমুনা টেলিভিশনের বুরো প্রধান মেহেরুল সুজন। এতে সভাপতিত্ব করেন এফপিএবি পরিচালনা পরিষদের সদস্য আতিকুর রহমান মিঠু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফপিএবি বগুড়া শাখার কর্মকর্তা অরুন কুমার শীল। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাইপিতে সংযুক্ত হয়ে অংশগ্রহন করেন এফপিএবি জাতীয় কার্যালয়ের পরিচালক প্রোগ্রাম ডা. সঞ্জীব আহমেদ।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার,শিক্ষক ও সাংবাদিকরা স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।করোনাকালে এফপিএবি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখায় উপস্থিত সকলে সাধুবাদ জানান।