নানা আয়োজনে শ্যামনগরে মহান বিজয় দিবস উদ্যাপন
শ্যামনগরে ৫৩তম মহান বিজয় দিবস উদ্যাপিত। ছবি: সমকাল
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৫
নানা আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে ৫৩তম মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। আজ সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচসহ দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে ভোরে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে আটটায় উপজেলার গোপালপুরস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ৭১-এর বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরে পার্শ্ববর্তী বীর শহীদ আবুল কালাম আজাদ, সুবেদার ইলিয়াসসহ অন্য শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুনের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণের পর বীর মুক্তিযোদ্ধারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অফিসার ইনচার্জ হুময়ায়ুন কবীর মোল্যার নেতৃত্বে শ্যামনগর থানাসহ লেডিস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও রিপোটার্স ক্লাবসহ শ্যামনগর সরকারি মহসীন কলেজ, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্যামনগর মডার্ন স্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সঙ্গীত, কবুতরসহ বেলুন উঠিয়ে বিজয় মেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ওসমান গনি, ওয়াহেদ আলী, মাষ্টার নজরুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- মহান বিজয় দিবস
- সাতক্ষীরা
