ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কালীগঞ্জে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাংকারের করোনা পজিটিভ

কালীগঞ্জে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাংকারের করোনা পজিটিভ
×

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৬:৩৩ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০৬:৪৩

ঝিনাইদহের কালীগঞ্জে উপসর্গ নিয়ে মৃত ব্যাংক কর্মকর্তা ফয়েজ উদ্দীনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত ১৩ জুন মৃত্যুর একদিন আগে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পর মঙ্গলবার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। 

রিপোর্ট পেয়ে তার বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও তার পরিবার ও দাফন কাজে অংশ নেওয়া সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

মৃত ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। মারা যাওয়ার তিন দিন আগে তিনি ঢাকা থেকে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। এরপর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছিলেন। এরপর ওই দিন রাত ১টার দিকে তিনি মারা যান।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার ঝিনাইদহ জেলায় নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ব্যাংক কর্মকর্তা ফয়েজ আগেই মারা যান। বাকি একজন জেলার মহেশপুর উপজেলা বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ১০৩ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেলন দুইজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।

আরও পড়ুন

×