বগুড়ায় একদিনে করোনায় আক্রান্ত দু’জনের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৯:০৫
বগুড়ায় মঙ্গলবার কয়েক ঘন্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন- শহরের রাজাবাজার এলাকার ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো (৫০) ও জেলার দুপচাঁচিয়া উপজেলা সদরের সুখানগাড়ি এলাকার জাকির হোসেন (৫০)।
জুলফিকার আলী মারা গেছেন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে। আর জাকির হোসেনের মৃত্যু হয়েছে বেসরকারি টিএমএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো করোনায় আক্রান্ত হয়ে গত ৮ জুন হাসপাতাল ভর্তি হন। শ্বাসকষ্টের পাশাপাশি তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান জানান, করোনার উপসর্গ থাকায় দুপচাঁচিয়ার জাকির হোসেন গত ১২ জুন টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দিয়ে যান। পরীক্ষায় তার পজিটিভ রেজাল্ট আসলে তিনি ১৫ জুন দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়ায় এ পর্যন্ত ১ হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২২জন। সুস্থ হয়েছেন মোট ৯৫ জন।