সাতক্ষীরায় দুই পুলিশসহ আরও ১০ জনের করোনা শনাক্ত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০৪:৫১
সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ মোট আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় শুক্রবার পর্যন্ত মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার নতুন করে ১০ জন আক্রান্ত শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৯৫ জনের করোনা পজিটিভ ও বাকি রিপোর্ট নেগেটিভ এসেছে।