ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

পূর্ণাঙ্গ ক্যাম্পাস পাচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ

পূর্ণাঙ্গ ক্যাম্পাস পাচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১২:২০

পূর্ণাঙ্গ নিজস্ব ক্যাম্পাস পাচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ। প্রতিষ্ঠার প্রায় আট বছর পর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় ভূমি অধিগ্রহণ করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। গতকাল রোববার সাইনবোর্ড সাঁটানো স্থানটি উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

উদ্বোধনের পরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শায়লা শারমিন, প্রকল্প পরিচালক চাঁদপুর মেডিকেল কলেজ ডা. হারুনুর রশিদ, চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম উদ্দিন টিটু, চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রমুখ।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ ক্যাম্পাসসহ একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা। এ প্রকল্প বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক ও নার্স তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রতিষ্ঠান। আগামী এক দেড় বছরের মধ্যেই এর অবকাঠামো উন্নয়ন কাজটি হবে বলে প্রত্যাশা তাঁর।

দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। প্রকল্প পরিচালক ডা. হারুনুর রশিদ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

প্রতিষ্ঠানটির শেষ বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান বলেন, ‘২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছি। গত ৫ বছর আশায় ছিলাম নিজস্ব ক্যাম্পাস হবে, কিন্তু হয়নি। এখন হতে যাচ্ছে। আমরা নতুন ক্যাম্পাসে যেতে না পারলেও যারা নতুন ভর্তি হয়েছেন, বা দ্বিতীয় বর্ষে আছেন এবং যারা ভবিষ্যতে আসবেন, তারা কলেজের নতুন ক্যাম্পাস পাবেন, তাতেই আমরা খুশি।’

উল্লেখ্য, ২০১৯ সালে চাঁদপুর মেডিকেল কলেজ নামে শিক্ষা কার্যক্রম শুরু হয়। সে সময় ভূমি অধিগ্রহণ না হওয়ায় অস্থায়ী ক্যাম্পাস হিসেবে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালের চতুর্থ তলায় দুটি ওয়ার্ডে এর যাত্রা শুরু হয়। এখনও সেখানেই কলেজের কার্যক্রম চলমান রয়েছে। এ মেডিকেল কলেজের সঙ্গে ৫০০ শয্যার হাসপাতাল এবং একটি নার্সিং কলেজ থাকার কথা।

জানা গেছে, গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে চাঁদপুরে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পর স্থানীয় প্রশাসন গাছতলা ব্রিজ-সংলগ্ন ডাকাতিয়া নদী পারের ৩০ দশমিক ১২ একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠায়। প্রস্তাবিত জমির মধ্যে ২ দশমিক ৫৮ একর ছিল খাস এবং ২৭ দশমিক ৫৪ একর ছিল ব্যক্তিমালিকানা। পরে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে প্রায় ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়।

আরও পড়ুন

×