সাবেক প্রতিমন্ত্রী ও এমপি নজরুল ইসলাম চৌধুরী আর নেই
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৩:১২
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা নাহিয়ান চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের বিভারলি হিল সোসাইটিতে তার বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- প্রতিমন্ত্রী