সিলেটে নতুন আরও ১৪২ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২০ | ১২:৫০ | আপডেট: ২১ জুন ২০২০ | ১২:৫৪
সিলেট বিভাগে নতুন করে আরও ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সিলেট জেলায় সর্বোচ্চ ৭৮ জন, মৌলভীবাজারে ৩১ জন, হবিগঞ্জে ২১ জন ও সুনামগঞ্জে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পাশাপাশি ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এই নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩০৫ জনে।
বিভাগের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৪৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৮০০ জন, হবিগঞ্জে ৩৬৩ জন ও মৌলভীবাজারে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫৭ জন মারা গেছেন; যার ৪৫ জনই সিলেট জেলার।
রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ৭২ জনের করোনা শনাক্ত হয়। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, তাদের মধ্যে ৫৩ জন সিলেট জেলার, ৬ জন হবিগঞ্জ জেলার ও ১৩ জন মৌলভীবাজার জেলার।
এদিন শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন সিলেট জেলার ও বাকি ১২ জন সুনামগঞ্জ জেলার। শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রোববার ১৯০ জনের নমুনা পরীক্ষা হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, সিলেটে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য রোববার দুপুরে ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়। এরপর রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়।
একইভাবে দুপুরে ঢাকা থেকে হবিগঞ্জে নতুন ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলেছুর রহমান জানান, এদিন রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে হবিগঞ্জের আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত পুরো বিভাগে ৬৯৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এছাড়া ২০০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- সিলেট
- করোনার প্রাদুর্ভাব