সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০২:৫৩ | আপডেট: ২২ জুন ২০২০ | ০২:৫৭
করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার ভোর রাতে হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা গোলাম রব্বানী নামের ৬২ বছর বয়সী এক কৃষক মারা যান। তিনি কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের জাহাবক্স দালালের ছেলে।
এছাড়া রোববার বিকালে আহাদ আলী (৩২) নামের এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বদরুদ্দীন গাজীর ছেলে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে রোববার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন কৃষক গোলাম রব্বানী। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাত ১১ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর রাতে মারা যান। তিনি বলেন, মৃত ওই দুই ব্যক্তিরই নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।