রাজশাহীতে করোনা উপসর্গে কুরিয়ার সার্ভিসের মালিকের মৃত্যু
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৪:১৯ | আপডেট: ২২ জুন ২০২০ | ০৪:৪১
রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলী (৬১) মারা গেছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নবুয়াত আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ভগবন্তপুর এলাকায়।
নবুয়াতের স্বজনরা জানান, গত তিনচার দিন আগে তার জ্বর, সর্দি ও কাশি শুরু হলে প্রথমে বাড়িতে তিনি চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট শুরু হলে রোববার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই তিনি মারা যান। সোমবার সকাল সাড়ে ১০টায় কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া কবরস্থানে জানাযা শেষে তার লাশ দাফন করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানায়, নবুয়াত আলীর মৃত্যুর পর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পরই বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না। মৃত্যুর পর হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি রাজশাহীর কোয়ান্টাম ফাউন্ডেশনকে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের ব্যবস্থা করতে বলা হয়।