বরিশাল নগরীর ২ ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত স্থগিত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২০ | ২১:৪৯
বরিশাল নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড লকডাউন করার সিদ্ধান্ত স্থগিত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ দু'টি ওয়ার্ড ২১ দিনের জন্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছিল বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সোমবার রাত ১১টার দিকে বিসিসি এ লকডাউন আপাতত স্থগিতের সিদ্ধান্ত জানায়।
বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, জনপ্রশাসন মন্ত্রাণালয় থেকে ছুটির আদেশ না পাওয়ায় বরিশাল নগরীর ১২ ও ২৪ নম্বর লকডাউনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ছুটির আদেশ পাওয়ার পর ওয়ার্ড দু'টি লকডাউন করা হবে।
১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান শরীফ জানান, সোমবার রাত ১১টার দিকে তাদের জানিয়ে দেওয়া হয়, ওয়ার্ড দু'টি লকডাউন হচ্ছে না। পরে তারা এলাকায় মাইকিং করে এ সিদ্ধান্ত সবাইকে অবহিত করেন। এর আগে সোমবার সারাদিন মাইকিং করে মঙ্গলবার থেকে লকডাউন করার কথা প্রচার করেছিলেন বলে জানান এ দুই কাউন্সিলর।
বিসিসির ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি রেডজোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গত বুধবার প্রশাসনের সঙ্গে সভা করে আপাতত ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বরিশাল নগরীতে ৯৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
- বিষয় :
- বরিশাল সিটি করপোরেশন
- লকডাউন
- করোনাভাইরাস