নোয়াখালীতে আরও ৩৩ জনের করোনা শনাক্ত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০১:৩১
নোয়াখালীতে পুলিশ, ব্যাংক কর্মকর্তাসহ আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪০ জনে। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, সুবর্ণচরে ১৬ জন, কোম্পানীগঞ্জে ৯ জন ও কবিরহাটে ২ জন রয়েছেন।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. নিলিমা ইয়াছমিন জানান, গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ জন পুলিশ সদস্য রয়েছেন। আক্রান্তদের শারীরিক অবস্থার ভিত্তিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়েলা সুলতানা ঝুমা বলেন, গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী ও ১ জন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম জানান, গত ২৪ ঘন্টায় এ উপজেলায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া কবিরহাট উপজেলায় আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৫৭৫ জন, সুবর্ণচরে ৮১ জন, হাতিয়ায় ১২ জন, বেগমগঞ্জে ৫৯১ জন, সোনাইমুড়ীতে ৮৮ জন, চাটখিলে ১১০ জন, সেনবাগে ৮৫ জন, কোম্পানীগঞ্জে ৫৫ জন, কবিরহাটে ১৪৩ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৬৮ জন। মারা গেছেন ৪৩ জন।
- বিষয় :
- নোয়াখালী
- করোনা শনাক্ত
- করোনা আক্রান্ত