বাধা না মেনে চলল বাইক, গাছচাপায় প্রাণ গেল ২ আরোহীর
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৩:১০ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৩:৫১
হবিগঞ্জের লাখাইয়ে সরকারি গাছ কাটার সময় চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।
মঙ্গলবার দুপুরে উপজেলার শালদিয়া এলাকায় লাখাই সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ধরমন্ডল গ্রামের পলাশ (২৭) ও মঞ্জু মিয়া (৩০)।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজয় চন্দ্র দেব সাইদুল ইসলাম, দুপুরে সরকারি গাছ কাটার সময় ৩ যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এসময় তাদেরকে যেতে বাধা দেয়া হলেও তারা না শুনে মোটরসাইকেল চালিয়ে যান। এসময় গাছ পড়লে চাপা খেয়ে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।