ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত
×

মোসাদ্দেকুর রহমান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৩:৪০ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৩:৫৬

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মোসাদ্দেকুর রহমান (৩৬) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে । সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বারদোনা আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেকুর রহমান ওই এলাকার হাজী মাহবুবুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম শহরের রেয়াজউদ্দিন বাজারের মক্কা হোটেলের মালিক। নিহত মোসাদ্দেকুর বারদোনা মাদক নির্মূল প্রতিরোধ কমিটির আহ্বায়কও ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আসরের নামাজের পরে মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালসহ মাদক নির্মূল কমিটির আরও কয়েকজন মিলে স্থানীয় মাদক ব্যবসায়ী সোহেলের কর্মকাণ্ডেরর প্রতিবাদ করেন। এসময় দুপক্ষের মধ্যে কথা কাটাকিাটি হয়। একপর্যায়ে সোহেল অতর্কিতভাবে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়া পথে মোসাদ্দেক মারা যান।

আদর্শপাড়ার বাসিন্দা এডভোকেট রাশেদুল ইসলাম বলেন, মোসাদ্দেক মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মাদক নির্মূলে কিছু তরুণদের নিয়ে সাম্প্রতিক সময়ে একটি কমিটিও করেছেন তিনি। তিনি আরও বলেন, এলাকার গন্যমাণ্য ব্যক্তিদের নিয়ে
মোসাদ্দেক একাধিক বার বৈঠকও করেছেন। সেখানে মাদক কারবারীদের বিরুদ্ধে  তিনি কথাও বলেছিলেন।

তিনি  জানান, ইয়াবা ডন সোহেলের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রকাশ্যে লোকজনের সামনে ছুরিকাঘাত করে মোসাদ্দেককে হত্যা করেছে সোহেল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর জানান, ঘটনার সাথে জড়িত আসামি সোহেলকে ধরার জন্য অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×