ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু
×

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৪:২৯

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আবুল শাহের (৫৫)  মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত  আবুল শাহ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত চেতন শাহের ছেলে।

এর আগে পারিবারিক বিরোধ নিয়ে সোমবার সকালে আবুল শাহকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহ্ বাড়ির পাশ্ববর্তী মাঠে কাজ করতে যান। এ সময় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশী মইজুদ্দিন শাহের সঙ্গে  তার কথা কাটকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে মইজুদ্দিন শাহ্ হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে আবুল শাহের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

এদিকে ঘটনার পরপরই হামলাকারী মইজুদ্দিন শাহ্ ও তার বাড়ির লোকজন পালিয়ে গেছে। হামলাকরী মইজুদ্দিন শাহ্ একই এলাকার রতন শাহের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশীর হামলায় আহত কৃষক আবুল শাহ্ মারা যাওয়ার খবর শুনেছি। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনার দিনই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

×