বিশ্বনাথে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু
তখলিছ মিয়া
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৫:৩৩ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৫:৫৯
সিলেটের বিশ্বনাথে করোনা শনাক্তের দু’দিনের মাথায় তখলিছ মিয়া (৬৫) নামের এক যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামের বাসিন্দা ও স্থানীয় পীরের বাজারের ‘তখলিছ মিয়া অ্যান্ড সন্স’র সত্যাধিকারী।
মঙ্গলবার ভোরে সিলেটের আখালিয়ার ‘মাউন্ট-এডোরা’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে,২ মেয়ে, আত্মীয় স্বজনসহ দেশে-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিশ্বনাথে এপর্যন্ত ৭৫ জন করোনা রোগী শনাক্ত করা হলেও এই প্রথম কারো মৃত্যু হয়েছে। যদিও এর আগে গত মঙ্গলবার সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে প্রান্তী সেনাপতি নামে ২মাস বয়সী চন্দ্র গ্রামের আরও এক শিশু মারা গেছে। আর মারা যাওয়ার ৫দিন পর গত রোববার ফলাফল আসলে পরিবারের সদস্যরা জানতে পারেন শিশুটি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে, ওই শিশুটি সিলেট বাঘবাড়ির বাসিন্দা বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা। তিনি সমকালকে বলেন, বিশ্বনাথে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০৮ জনের এবং সুস্থ হয়েছেন ৪৬ জন। মোট আক্রান্ত ৭৫ জনের মধ্যে এই প্রথম কোন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করা তখলিছ মিয়া গত জানুয়ারির শেষের দিকে বাংলাদেশে আসেন। পরবর্তিতে করোনার প্রাদুর্ভাবের কারণে তার আর যুক্তরাজ্যে যাওয়া হয়নি। গত ১৭জুন জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ‘মাউন্ট-এডোরা’ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২১জুন তার করোনা শনাক্ত হলে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
প্রবাসী তখলিছ মিয়ার বড় ছেলে আবুল বশর সমকালকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
- বিষয় :
- সিলেট
- বিশ্বনাথ
- করোনাভাইরাস
- করোনায় মৃত্যু