ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সিলেটে এখনই খুলবে না হোটেল ও গেস্ট হাউজ

সিলেটে এখনই খুলবে না হোটেল ও গেস্ট হাউজ
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৬:৫৩ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৭:৫৭

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে সিলেটের সকল আবাসিক হোটেল ও গেস্ট হাউজ। ইতিমধ্যে সরকারি সিদ্ধান্তে ছুটি শেষে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ‘সীমিত পরিসরে’ খুললেও হোটেল ও গেস্ট হাউজগুলো বন্ধ রয়েছে। 

বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। মঙ্গলবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বোর্ড রুমে সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার্স গ্রুপের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 

সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার্স গ্রুপের সভাপতি সুমাত নূরী চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সেক্রেটারি নওসাদ আল মোক্তাদির, ওনার্স গ্রুপের সদস্য ও সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব, সদস্য ও চেম্বারের সহ-সভাপতি তাহমিন আহমদ, সদস্য শেখ আব্দুল হারুন, জুনেদ আহমেদ সওকত, মো. মাহমুদ আলম, মো. গোলাম কিবরিয়া, সুমাত নূরী জুয়েল প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে সিলেটের পর্যটন শিল্পে। প্রাণঘাতি নভেল করোনা দ্রুত ছড়ানোর ফলে পর্যটনের ভরা মৌসুমেও ফাঁকা প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত সিলেট। বিদেশি পর্যটক নেই, নেই দেশি পর্যটকও। ফলে ফাঁকা পড়ে আছে হোটেল-মোটেলগুলো। এতে আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসায়ীরা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হবেন।

ওনার্স গ্রুপের সভাপতি সুমাত নূরী চৌধুরী বলেন, করোনার প্রভাবে পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ব্যবসা একেবারেই খারাপ। অন্য বছর এই সময়ে সবকটি হোটেলে সাধারণত ৮০ ভাগ বোর্ডার থাকবেন। এবার তা শূণ্যভাগে নেমে এসেছে। তিনি বলেন, সরকার থেকে পরবর্তী কোন নির্দেশনা না আসা পর্যন্ত এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেটে সকল হোটেল ও গেস্ট হাউজ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষনার পর থেকেই সিলেটে সবকটি হোটেল ও গেস্ট হাউজ বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×