ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে রেলওয়ের পরিত্যক্ত বাংলোয় নারীর লাশ

চট্টগ্রামে রেলওয়ের পরিত্যক্ত বাংলোয় নারীর লাশ
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৯:৪২

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় একটি পরিত্যক্ত বাংলো থেকে মালেকা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মালেকা বেগম। তার বাড়ি সিলেটে। তিনি টাইগারপাস এলাকার আবুল হাসান সুমন মিয়ার স্ত্রী। এ ঘটনায় স্বামী সুমনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুমন বিআরটিসির ফলমন্ডিতে শ্রমিক হিসেবে কাজ করেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, সিআরবি এলাকার রেলওয়ের একটি পরিত্যক্ত বাংলো থেকে মালেকা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত বাংলায় যেভাবে ঘটনা ঘটেছে এটি আমাদের কাছে প্রাথমিকভাবে খুনের ঘটনাই মনে হচ্ছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা স্বামী-স্ত্রী উভয়েই মাদকাসক্ত। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক অশান্তিও চলে আসছিল বলে আমরা জানতে পেরেছি। সবদিক মাথায় নিয়েই আমরা তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানায়, সিআরবি পুলিশ ফাঁড়ির কাছে পরিত্যক্ত রেলওয়ের বাংলাটি। এখানে সাধারণ ওই নারীকে জোর করে নেওয়ার সুযোগ কম। কারণ একটু চিৎকার দিলেই তা পুলিশের নজরে আসবে। পাশে আবার জেলা পুলিশ সুপারের(এসপির) বাংলো। তাই ওই নারীকে কেউ স্বাভাবিকভাবেই সেখানে নিয়ে গেছে। ওই নারী ঘুমের ওষুধের মাধ্যমে নেশা করতেন। লাশের পাশ থেকে তিন পাতা ঘুমের ওষুধও পেয়েছে পুলিশ। তবে তিন পাতার মধ্যে দুই পাতা ঠিক থাকলেও আরেক পাতা থেকে মাত্র তিনটি ওষুধ নেই। তারা টাইগারপাস রেলওয়ে বস্তিতে থাকতেন। মৃত মালেকা গত ১৮ জুন সিলেটের শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রামে এসেছেন। তারপর তার স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। লাশটি বিকেলে উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মালেকা বেগম ধর্ষণের শিকার হয়েছেন কি না তা সেটাও পুলিশের সন্দেহের তালিকায় আছে। তবে তার শরীরে তেমন কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন নেই।

আরও পড়ুন

×